ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। তার মতে, গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়ক ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউওআইএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে এরিক গারসেত্তি বলেন, “আমরা উভয়ই চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে। এটি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়তা করবে।”
এই মন্তব্যের মাধ্যমে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রকাশ্যে কথা বললেন। তিনি আরও বলেন, “আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একই নীতিতে বিশ্বাস করে। উভয় দেশই শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায়। বর্তমান সময়ে ভারত এবং যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
0 মন্তব্যসমূহ